Logo

জাতীয়

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:২১

অ
গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

এ কে এম সাইফুল মজিদ | ছবি : সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

গ্রামীন টেলিকমের মানহানি ও নথিপত্র নষ্ট করার অভিযোগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার সি এম এম আদালতে নালিশী মামলা  (সি আর) দায়ের করেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক বাদির জবানবন্দি গ্রহণ করেন। অভিযোগ আমলে নিয়ে শাহ আলী থানাকে সরাসরি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- উপমহাব্যবস্থাপক আবদুল কুদ্দুস, সহকারী মহাব্যবস্থাপক ফয়জুল হক, উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ ও কৃষ্ণ কান্ত রায়, উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, গ্রামীণ ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন আর রশিদ, মো. তরিকুল ইসলাম, মো. গোলাম জাকারিয়া, প্রিন্সিপাল অফিসার গোবিন্দ সাহা, গবেষণা ও উন্নয়ন বিভাগের উপদেষ্টা এস. আব্দুর রশিদ ও গণসংযোগ কর্মকর্তা তানন খান। ‘মাসুদ আখতার অ্যান্ড অ্যাসোসিয়েটসের’ পরামর্শক মাসুদ আখতার, কনসালটেন্ট জীম জোবায়েদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাংগীর হাসান, কর্নেল (অব.) রাশেদ আলী, সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান, নুরুজ্জামান মৃধা ও এনএসআইয়ের সাবেক কর্মকর্তা মিজানুর রহমান ।

অভিযোগে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের মিরপুর-২ প্রধান কার্যালয় থেকে আসা কর্মকর্তা-কর্মচারীসহ এই ১৯ আসামি মিরপুর-১ চিড়িয়াখানা রোডে গ্রামীণ টেলিকমের কার্যালয়ে প্রবেশ করেন। তারা প্রতিষ্ঠানের সংরক্ষিত মূল্যবান নথিপত্র ও আসবাবপত্রের ক্ষতিসাধন করেন। আসামিদের এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর গ্রামীণ টেলিকম ভবন দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান একেএম সাইফুল মজিদসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৬ জনের বিরুদ্ধে আরেকটি নালিশী মামলা করেছিলেন গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী।

ওই মামলার অভিযোগও সরাসরি এজাহার হিসেবে গ্রহণ করতে শাহ আলী থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত মামলা দুটির আসামিরা প্রায় একই।

এম এ জলিল উজ্জ্বল/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন