কমলাপুর স্টেশনে টিকিটবিহীন যাত্রী, ঘুষ ও হয়রানির প্রমাণ মিলেছে : দুদক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৪৯
প্রতীকী ছবি
কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী হয়রানি, টিকিটবিহীন যাত্রা ও ঘুষ লেনদেনসহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ আগস্ট) ছদ্মবেশে এই অভিযান চালায় দুদকের একটি দল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযানে রেলওয়ে স্টাফ ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অনিয়মের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে। এক যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করছিলেন, যিনি রেলের এক কর্মচারীকে অর্থ দিয়ে স্টেশনে প্রবেশ করেন।’
তিনি আরও বলেন, ‘এছাড়া আনসার সদস্যদের দুর্ব্যবহার ও অন্যান্য অনিয়মের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করেছে দলটি। এসব প্রমাণ নিয়ে স্টেশন ম্যানেজারের কাছে জবাবদিহি চেয়েছে দুদক। সব তথ্য পর্যালোচনা করে কমিশনে বিশদ প্রতিবেদন জমা দেয়া হবে।’
এছাড়াও তিনি জানান, এমন অভিযান চলমান থাকবে।
- এনএমএম/এমআই

