কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৩
ছবি : সংগৃহীত
উচ্চ আদালতের কয়েকজন বিচারপতি ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন এমন অভিযোগের তদন্ত শেষে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুমোদনের জন্য রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের প্রশাসন সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তদন্ত শেষে বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে পাঠানো সুপারিশ রাষ্ট্রপতির অনুমোদনের পর নিয়মানুযায়ী বাস্তবায়িত হবে।
এর আগে গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো যে, কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগের প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
ওইদিন হাইকোর্ট বিভাগের ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।
তারা হলেন- বিচারপতি আতাউর রহমান খান, নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, মুহাম্মদ খুরশীদ আলম সরকার, আশীষ রঞ্জন দাস, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, শাহেদ নূর উদ্দিন, মো. আকতারুজ্জামান, মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসাইন দোলন।
এই বিচারকদের বিচারকাজের বাইরে রাখা হয়েছে। বর্তমানে তারা ছুটিতে আছেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামী সরকারের ‘দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে অবস্থান ও বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জেইউ/এমআই

