Logo

জাতীয়

প্রবাসীদের ভোটার হতে লাগবে না পাসপোর্ট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:৩৯

প্রবাসীদের ভোটার হতে লাগবে না পাসপোর্ট

ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হতে এখন থেকে আর পাসপোর্ট প্রয়োজন হবে না। নির্বাচন কমিশনের সংশোধিত এসওপি অনুযায়ী, ৩ জন এনআইডি-ধারী প্রবাসীর প্রত্যয়নপত্রসহ নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিলেই প্রবাসীরা ভোটার হতে পারবেন। 

বুধবার (২০ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে।

নতুন নিয়মে যেসব কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে রয়েছে- পূরণ করা আবেদনপত্র (ফরম-২ক), জন্মনিবন্ধনের অনলাইন যাচাইকৃত কপি, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্টের কপি (যদি থাকে), এবং তিনজন প্রবাসী এনআইডি-ধারীর প্রত্যয়নপত্র। এগুলোর মধ্যে আবেদনপত্র, জন্মসনদ, ছবি ও তিন এনআইডিধারীর প্রত্যয়নপত্র বাধ্যতামূলক।

পাশাপাশি, আরও কিছু দলিলাদিও প্রয়োজন হতে পারে। যেমন— আবেদনকারীর পিতা-মাতার এনআইডি অথবা জন্মসনদ/মৃত্যু সনদ, বাংলাদেশি নাগরিকত্ব সনদ, শিক্ষা সনদ (যেমন—এসএসসি/সমমান), ড্রাইভিং লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, বিবাহ সনদ, স্বামী বা স্ত্রীর এনআইডি, হোল্ডিং ট্যাক্স বা ইউটিলিটি বিলের কপি ইত্যাদি। প্রযোজ্য ক্ষেত্রে এসব জমা দিতে হবে।

এছাড়া যেসব প্রবাসী ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা বা থানার অন্তর্ভুক্ত, তাদের জন্য একটি বাড়তি ‘বিশেষ তথ্য ফরম’ পূরণ করতে হবে।

এসওপিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। তবে কেউ যদি দেশের বাইরে থাকেন, তাহলে তার পক্ষে একজন প্রতিনিধি বাংলাদেশে থেকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কাছে সেসব কাগজ জমা দিতে পারবেন।

এসআইবি/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন