ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধে রিটের শুনানি জানুয়ারিতে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:২২
বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি জানুয়ারিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত বিষয়ে শুনানি অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে হবে মর্মে উল্লেখ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।
তিনি জানান, বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল আইনের বিভিন্ন উপধারা লঙ্ঘন করে চলেছে। এ জন্য তাদের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে।
নিয়ম অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরে অর্থ না দিয়ে দেশে চলতে থাকা ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে গত ২ ডিসেম্বর রিট দায়ের করেন অ্যাডভোকেট সৈয়দা শাহীন আরা লাইলী।
রিটে তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে।
রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ১৯ ও ২০ ধারা লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
জেইউ/এমজে

