বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও পাকিস্তানের বর্তমান বাণিজ্য সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ক পরিকল্পনাগুলোও এ সফরের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফরের সময় চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া তিনি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান ও একটি ইস্পাত কারখানা পরিদর্শন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এ উচ্চ পর্যায়ের সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে।
ডিআর/এমবি

