মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে কার্যালয়ের কর্মীরা অবরুদ্ধ রেখেছেন বলে খবর প্রকাশ হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় বিক্ষুব্ধ কর্মীরা ডিজির জবাব চেয়ে অবরুদ্ধ করেন বলে খবর প্রকাশ হয়।
তবে ঘটনাটি সত্য নয় বলে বাংলাদেশের খবরকে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমাকে অবরুদ্ধ রাখার বিষয়টি সঠিক নয়। টেন্ডার জমা দেওয়া নিয়ে ঠিকাদারদের মধ্যে ঝামেলা হয়েছে। আর সেই তথ্যটি ভুলভাবে ছড়াচ্ছে।’
তবে ডিজি অবরুদ্ধের বিষয়টি সঠিক নয় বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি বাংলাদেশের খবরকে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজিকে অবরুদ্ধ করার সুযোগ নেই। কারণ তাদের নিজস্ব জনবলই রয়েছে ১৫০ জনের মতো। এর মধ্যে সেনাবাহিনীসহ আমাদের পুলিশ সদস্যরাও রয়েছে।’
তিনি বলেন, ‘অবরুদ্ধ নয়; টেন্ডার জমা দেওয়া নিয়ে ঠিকাদারদের মধ্যে একটা ঝামেলা হয়েছে সেখানে। অন্যকিছু নয়। তথ্যটি ভুলভাবে ছড়াচ্ছে।’
এদিকে, অধিদপ্তরের সামনে অবস্থান নেওয়া কর্মীদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হচ্ছে, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও আউটসোর্সিংয়ের পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে না।
তারা অভিযোগ করছেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রে তাদের ওপর চাপও বাড়ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ অনেক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। অথচ কর্তৃপক্ষ এর কোনো সুরাহা করছে না।
সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র বাংলাদেশের খবরকে জানায়, ঘটনার একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীর সদস্যরাও অধিদপ্তরের সামনে অবস্থান নেন।
অবরুদ্ধ হওয়ার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে মুঠোফোনে বাংলাদেশের খবরকে তিনি বলেন, ‘আমি এ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মিটিংয়ে অংশ নিচ্ছি। এখন কথা বলা সম্ভব হচ্ছে না।’
এমএম/ডিআর/এমজে

