Logo

জাতীয়

পিলখানায় আয়নাঘরের অস্তিত্ব নেই, দাবি বিজিবির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬

অ
পিলখানায় আয়নাঘরের অস্তিত্ব নেই, দাবি বিজিবির

পিলখানায় আয়নাঘরের অস্তিত্ব নেই বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (১৫ ডিসেম্বর) বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়। 

বিজিবি সদর দপ্তর বলছে, ‘সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় আপসহীন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বিরুদ্ধে অপপ্রচার করছেন বাহিনীর বরখাস্ত সিপাহি শাহীন। পিলখানায় ‘আয়নাঘর’ ছিল দাবি করে তিনি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দিয়েছেন, তা বিজিবি সদর দপ্তরের নজরে এসেছে।’

‘পিলখানায় আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই। দেশপ্রেমিক বিজিবিকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই এমন অভিযোগ করেছেন শাহীন।’ 

বিজিবির ফেসবুক পোস্টে বলা হয়, ‘বিজিবি তাদের শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে সর্বদা দেশের সুরক্ষা করে চলেছে। কিন্তু সম্প্রতি বরখাস্ত সিপাহি শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিজিবির বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন, যা একান্তভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।’ 


‘বরখাস্ত সিপাহি শাহীনের বিরুদ্ধে বিজিবির শৃঙ্খলা ও মর্যাদার সম্পূর্ণ পরিপন্থি গুরুতর অপরাধের প্রমাণ রয়েছে।’

বিজিবি বলছে, শাহীন বিবাহিত ও দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ও স্ত্রীর অনুমতি ছাড়া ২০২২ সালের ৩০ জুন সোনিয়া আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উম্মে তাসনিম ও খাদিজা নামে আরও দুই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করেন, যা শাস্তিযোগ্য অনৈতিক কর্মকাণ্ড। 

ওই পোস্টে বিজিবি জানিয়েছে, বরখাস্ত সিপাহি শাহীন সংবাদ সম্মেলনে নিজেকে অত্যন্ত ধার্মিক হিসেবে উপস্থাপন করেন এবং অভিযোগ করেন তাকে ধর্ম পালনে নিরুৎসাহিত করা হয়েছিল, যা সত্য নয়। 

বিজিবি জানায়, একজন ধার্মিক ব্যক্তির পক্ষে এরূপ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া অত্যন্ত প্রশ্নবিদ্ধ বিষয়। এ ছাড়াও বরখাস্ত সিপাহি শাহীন অনুমতি ব্যতীত পেশাগত পরিচয় গোপন করে কৃষক সেজে জাতীয় পাসপোর্ট তৈরি করেন, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান। অপর একটি গুরুতর বিষয় হলো তিনি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সমর্থিত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর অন্যান্য সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করেছেন, যা দেশ ও বাহিনীর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। 

শাহিনের বড় ভাই আবু হুরায়রা এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাঙ্গামাটি জেলে আটক ছিলেন বলে জানা যায়।

গুম হওয়ার বিষয়ে শাহিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত জানিয়ে বিজিবি বলছে, বিভাগীয় তদন্ত কার্যক্রম চলাকালে সম্পূর্ণ সময় তিনি রামগড় বিজিবি ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ডে অবস্থান করেছিলেন এবং ব্যাটালিয়নের সব সদস্যের চোখের সামনেই ছিলেন। 

‘বাহিনীর সদস্য হিসেবে তিনি নিয়মিত বেতনও গ্রহণ করেছেন। সেখানে তিনি প্রায়ই পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যাটালিয়ন ক্যান্টিনের মোবাইলে যোগাযোগ রক্ষা করেছেন। পিলখানায় অবাস্তব আয়নাঘরের অভিযোগ এনে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশপ্রেমিক বিজিবিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। বিচার চলাকালীন তাকে কখনই বিজিবি সদরদপ্তর পিলখানায় আনা হয়নি।’

বিজিবি আরও জানায়, বিজিবিতে সংঘটিত অপরাধের বিরুদ্ধে যথাযথ বিজিবি আইন ও তদন্তের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন হয়। শাহিনে শাহীনের বিরুদ্ধেও একই প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হয়েছে। যথাযথ তদন্ত কার্যক্রম ও বর্ডার গার্ড আদালতের মাধ্যমে তার বিচারকার্য সম্পন্ন হয়েছে। বিজিবির বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আইনগত। কিছু অদৃশ্য মহল সীমান্তে টানটান উত্তেজনা চলাকালীন এই ক্রান্তিকালে বিজিবির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে, যা বিজিবির ভাবমূর্তি ও শক্তিকে খর্ব করার হীন অপচেষ্টা মাত্র।

এনএম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন