রাজনৈতিক সমঝোতা কঠিন, চাঁদাবাজিতে সহজ : অর্থ উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪
রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজিতে খুবই সহজ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক সমঝোতা খুব কঠিন। কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুবই সহজ। যেকোনো বাজারে যান। দুই-তিন রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারের। আবার যারা প্রোসপেক্টিভ, আসবে আর লোকাল। আমি কারওয়ান বাজারে গেছি। তিন ভাগে ভাগ করা। সেখানে সমঝোতা আছে।’
চাঁদাবাজের যোগসাজেশে পণ্যের দাম বাড়ছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘আমাকে বলা হয়, সিন্ডিকেট ভাঙো। পণ্যের দাম কমানো ও ক্রেতার কাছে পণ্য সহজলভ্য করা। মাঝখানে যে দামটা থাকে, ১০ টাকার বেগুন ৫০ টাকা হয়ে যায়। কোনো কারণ ছাড়াই এটা বেড়ে যায়।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘আলু ও পেঁয়াজ আমদানিতে সব ধরনের কর কমানো হয়েছে। কিন্তু বাজারে দাম কমে না। আই অ্যাম ডিপলি ওরিড আবাউট দ্যাট। ট্যাক্স কমে যাচ্ছে। চিনির দাম বোধ হয় কিছুটা কমেছে মাঝখানে। প্রধান উপদেষ্টাকে বললাম, আমি তো আর কিছু করতে পারব না। পণ্যের দাম ও বাজার নিয়ন্ত্রণ অনেক কঠিন।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রণোদনার দিন শেষ। এটা ভবিষ্যতে করা সম্ভব হবে না। কর অব্যাহতি কমানো নিয়ে আমি আগে বলেছি। সারাজীবন কী কর রেয়াত দিতেই থাকব? এটা সম্ভব না।’
ডিআর/এমজে

