Logo

জাতীয়

শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদী

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৯

অ
শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদী

আজ ১৬ ডিসেম্বর। ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। এ উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে এসেছেন।

বিজয় উদযাপনে স্মৃতিসৌধে আগতদের মধ্যে অনেকে বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে এসেছেন। কেউ কেউ এসেছেন ব্যক্তি হিসেবে। কেউবা আবার পরিবার নিয়ে এসেছেন। তবে আগত সবার হাতেই ছিল ফুল ও ফুলের তোড়া। সেসব ফুলের স্থান হচ্ছে স্মৃতিসৌধের শহিদ বেদীতে। লাখো জনতার শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদী।

স্মৃতিসৌধ চত্বরে আগত হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। শিশু থেকে বৃদ্ধ অনেকের হাতেই লাল-সবুজের পতাকা লক্ষ করা যায়। সেই সাথে স্মৃতিসৌধ এলাকায় চারদিক থেকে ভেসে আসে বিভিন্ন স্লোগান। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে জাতীয় স্মৃতিসৌধ চত্বর।

এর আগে সকাল সাড়ে ৬টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সকাল ৭টা ১২ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রধান ও প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে লাখো মানুষের সমাগম ঘটে স্মৃতিসৌধ চত্বর এলাকায়।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে সাভারের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করছে।

হাসান ভুঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন