মালয়েশিয়ায় এনআইডি সেবা চালু করতে যাচ্ছে ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮
চলতি সপ্তাহেই মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করবে সংস্থাটি।
ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং রাজবাড়ীর জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মালয়েশিয়ায় সফরে থাকবেন। সফরকালে তারা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভোটার নিবন্ধন সংক্রান্ত বৈঠক, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী কমিউনিটির সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে মতবিনিময় করবেন। বিদেশ থেকে কীভাবে ভোট দেওয়া যাবে, সে বিষয়ে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।
বর্তমানে ১০টি দেশের ১৭টি দূতাবাসের মাধ্যমে এনআইডি কার্যক্রম চালাচ্ছে ইসি। অনলাইনে services.nidw.gov.bd পোর্টালের মাধ্যমে প্রবাসীরা ভোটার নিবন্ধনের আবেদন করতে পারছেন।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডায় ইতিমধ্যেই প্রবাসীদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এ কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও ওয়াশিংটনে এ সেবা দেওয়া হবে। আগামী মাসে জর্ডান, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকায় এনআইডি সেবা চালুর প্রস্তুতি চলছে।
পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
এসআইবি/এমবি

