ছবি : সংগৃহীত
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের প্রকাশিত তালিকা অনুযায়ী, ৫১৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি।
এদিকে ২৩৮ স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। বায়ুদূষণের তালিকান অনুযায়ী, বাতাসে এই দূষণের মাত্রা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ২৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ‘লাহোর’। ২৬২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী এবং বৃহত্তম শহর ‘সারাজেভো’ এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ‘হ্যানয়’ যার স্কোর ২২১।
উল্লেখ্য, আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান। যারা নিয়মিত বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করে এই একিউআই সূচক, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। এবং ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ডিআর/এসবি

