Logo

জাতীয়

বড়দিন-থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কঠোর অবস্থানে পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩

অ
বড়দিন-থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কঠোর অবস্থানে পুলিশ

আসন্ন বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটে পটকা, আতশবাজি, ফানুস ওড়ানো বন্ধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বড়দিন ও থার্টি ফাস্ট নাইট ঘিরে যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান, কুইক রেসপন্স টিম ও সোয়াট টিমসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) আলমগীর আলম। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে ‘২৫ ডিসেম্বর শুভ বড়দিন ও ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট’ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ কথা জানান তিনি।

সভায় বিশেষ দিন দুটিতে যথাযথ নিরাপত্তা জোরদারে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়। 

অতিরিক্ত আইজিপি আলমগীর আলম বলেন, ‘শুভ বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং ও সাইবার পেট্রোলিং জোরদার করা হবে।’

তিনি আরও বলেন, ‘সারাদশে গীর্জাসমূহের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদেরকে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, গির্জাসমূহে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। থার্টিফার্স্ট নাইটে কক্সবাজার, কুয়াকাটাসহ দেশের সব পর্যটন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কেউ উচ্চ স্বরে গাড়ির হর্ণ বাজালে ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালালে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অতিরিক্ত আইজি আলমগীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আকরাম হোসেন, স্পেশালে ব্রাঞ্চের অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা প্রমুখ।

সভায় উপস্থিত খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ বড়দিন উপলক্ষে পুলিশের গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। সভার সভাপতি আলমগীর আলম আশা প্রকাশ করে বলেন, ‘শুভ বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট নিরাপদে সুন্দরভাবে পালিত হবে।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন