Logo

জাতীয়

আ.লীগ ধরলেই পুরস্কারের খবর নিয়ে যা বলল পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬

আ.লীগ ধরলেই পুরস্কারের খবর নিয়ে যা বলল পুলিশ

আওয়ামী লীগ নেতাকর্মী আটক বা গ্রেপ্তারে পুলিশের সদস্যদের পুরস্কৃত করার বিষয়ে কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে সৎ ও ভালো কাজের জন্য নিয়মিতভাবে সদস্যদের উৎসাহিত ও পুরস্কৃত করার বিধান আছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা তাকে উৎসাহিত করি। আইনগতভাবে আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। তবে বিশেষভাবে কোনো একটি বিষয় ধরে পুরস্কৃত করার নিয়ম নেই। ভালো কাজের জন্য পুরস্কৃত করার যে প্রথা, তা আমরা সবসময় পালন করি।’ 

ডিএমপি কর্মকর্তা আরও জানান, রাজধানীতে বর্তমানে ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা পুলিশের নিয়ন্ত্রণে সক্রিয় আছে। এছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে স্থানীয় উদ্যোগে প্রায় ১ হাজার ২০০ ক্যামেরা বসানো হয়েছে। সব মিলিয়ে ২ হাজারের বেশি ক্যামেরা এখন কার্যকর রয়েছে। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ক্যামেরার আওতা আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন। 

এদিকে মোহাম্মদপুরের এসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, ‘ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। সম্প্রতি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে কিছু কাজে অসন্তোষ প্রকাশ করেন। এরপর এসি, অপারেশনস অফিসার এবং ডিউটি অফিসারকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটি প্রশাসনিক সিদ্ধান্ত মাত্র। এ নিয়ে বিভ্রান্তি বা অপতথ্য ছড়ানোর কোনো সুযোগ নেই।’ 

এছাড়া হাতিরঝিলে রাত ৯টার পর ঢাকাবাসীকে যেতে নিষেধ করার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ডিএমপির পক্ষ থেকে কখনোই কোনো নির্দিষ্ট জায়গায় বা সময়ে চলাচলে বাধা দিইনি। নাগরিকরা নিশ্চিন্তে, নির্ভয়ে চলাফেরা করতে পারবেন।’ 

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন