Logo

জাতীয়

আদালতের রায় ফিলিপাইনের অমান্য করার সুযোগ নেই : সিআইডি প্রধান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

আদালতের রায় ফিলিপাইনের অমান্য করার সুযোগ নেই : সিআইডি প্রধান

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্তের বিষয়ে বাংলাদেশের আদালতের দেওয়া রায় ফিলিপাইনের অমান্য করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিআইডি হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিসহ অনেকের নাম আমাদের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না।’

সিআইডি প্রধান জানান, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর আওতায় এ নির্দেশ দেন।

তদন্তে প্রমাণিত হয়েছে-আরসিবিসি ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো ট্যান, জুপিটার শাখার ম্যানেজার মাইয়া সান্তোস ডিগুইতোসহ বেশ কয়েকজন কর্মকর্তা ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে চুরি হওয়া অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন। এ বিষয়ে ফিলিপাইনের আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছে এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরসিবিসি’র ওপর বড় অঙ্কের জরিমানাও আরোপ করেছে।

তিনি আরও জানান, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি আরসিবিসি মাত্র ৬৮ হাজার মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল, যা ছিল তাদের প্রথম পদক্ষেপ। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী এখন পুরো ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিআইডি প্রধান বলেন, এ সংক্রান্ত রায় বাস্তবায়নের জন্য কপি বাংলাদেশ ও ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হচ্ছে। জাতিসংঘের ইউএনটিওসি, ফিলিপাইনের আইন এবং এফএটিএফ নির্দেশনার আলোকে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অর্থ ফেরত আনার ব্যবস্থা করবে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন