Logo

জাতীয়

ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে জামায়াত ও এনসিপির আরও ২ নেতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২

ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে জামায়াত ও এনসিপির আরও ২ নেতা

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি (সংগৃহীত)

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও দুইজন নেতা। সরকারি সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলে যুক্ত হচ্ছেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও যাচ্ছেন।

জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় সমতা বজায় রাখতে তাদের দল থেকেও দুজন করে প্রতিনিধি নেয়ার অনুরোধ জানায় সরকার। তবে স্বল্প সময়ে ভিসা প্রক্রিয়া জটিল হওয়ায় আগে থেকেই মার্কিন ভিসাধারী নেতাদের বেছে নেয়া হয়।

ডা. তাহের জানান, ড. নকিবুর রহমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন, ডা. তাসনিম জারা রোববার রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

অতীতে জাতিসংঘ অধিবেশনে সরকারের প্রতিনিধি দলে মন্ত্রিসভার সদস্য ও ক্ষমতাসীন দলের নেতারাই থাকতেন। এবারই প্রথমবারের মতো ক্ষমতায় নেই— এমন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে যোগ দিচ্ছেন।

গত বছর ড. ইউনূস আটজনকে নিয়ে জাতিসংঘে গিয়েছিলেন। তবে এবারের সফরে তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে নিচ্ছেন।

ডিআর/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন