ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ৪ দেশকে স্বাগত জানাল বাংলাদেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ায় কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান রেখেছে। এই স্বীকৃতি স্বাধীনতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তিনি মনে করেন, ফিলিস্তিনের জনগণকে এখনও আরও পথ পাড়ি দিতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা যেহতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম। ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি। কাজেই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মাধ্যমে দেড়শোর বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা।
তিনি বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।
৭৫ বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ। অবরুদ্ধ গাজায় দখলকার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ২৮৩ জন ফিলিস্তিনি প্রাণ হারালেন।
কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির মাধ্যমে ১৫১ দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এবার জাতিসংঘ সাধারণ পরিষদেও গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে বিতর্ক হবে সদস্য দেশগুলোর মধ্যে।
ডিআর/এমবি

