প্রবাসী ভোটের নিবন্ধন ও ভোটদান প্রক্রিয়া প্রকাশ
বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) নিবন্ধন ও ভোটদান প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি অফিসিয়াল ওয়েবসাইটে এ প্রক্রিয়ার নমুনা প্রকাশ করে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অফ কান্ট্রি ভোটিং) প্রকল্প তৈরি করা হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেব, প্রবাসী ভোটাররা কিভাবে নিবন্ধন করবেন— তার একটি মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটি অনুমোদনের জন্য কমিশনে পাঠানো হয়েছে। আশা করছি বিকালের মধ্যে অনুমোদন পেয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘প্রবাসীদের ভোটপদ্ধতি কেমন হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে হবে— এই বিষয়ে ব্যাপক প্রচার প্রয়োজন। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারণা পাবে, তত বেশি পরিষ্কার ধারণা তৈরি হবে। ইসির অনুমোদনের পর বিস্তারিত নীতিমালা জানানো হবে।’
ইসির প্রকাশিত প্রক্রিয়ায় দেখা গেছে, পোস্টাল ভোটিংকে (আইটি সাপোর্টেড) দুই ভাগে ভাগ করা হয়েছে— তালিকাভুক্তি প্রক্রিয়া এবং ভোটদান প্রক্রিয়া।
নিবন্ধন প্রক্রিয়া নিম্নরূপ
- প্রবাসে অবস্থানরত ভোটাররা Postal Vote BD অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করবেন।
- নতুন অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের সময় মোবাইলে একটি OTP পাঠানো হবে, যা যাচাই করতে হবে।
- লাইভ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
- জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে তথ্য যাচাই করতে হবে।
- বৈধ পাসপোর্টের কপি আপলোড করতে হবে।
- নাম, জন্মতারিখ ও ঠিকানাসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।
- সব তথ্য যাচাই শেষে আবেদন জমা দেওয়া হবে।
- আবেদন গ্রহণ হলে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘প্রবাসীদের কাছে একটি বড় খামের মধ্যে তিনটি খাম পাঠানো হবে। একটি খামে ব্যালট পেপার, অন্য খামে নির্দেশিকা এবং তৃতীয় খামে ফেরত পাঠানোর জন্য খাম থাকবে। ভোট দেওয়ার সময় ব্যালট পেপারে ক্যান্ডিডেটের নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। প্রতীকের পাশে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের নিবন্ধনের জন্য Postal Vote BD নামের অ্যাপ তৈরি করা হচ্ছে। নিবন্ধিতরাই পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। প্রবাসী নিবন্ধন করে দেশে এসে ভোট দিতে পারবেন না। অ্যাপটির উদ্বোধনের পর নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। ব্যালট পেপার ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ এবং ফেরত পাঠানোর সময়সূচি পরে জানানো হবে।’
এসআইবি/এমএইচএস

