Logo

জাতীয়

এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, বিকল্প প্রস্তাব পাঠাতে হবে : ইসি সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫

এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, বিকল্প প্রস্তাব পাঠাতে হবে : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে। নিবন্ধন সংক্রান্ত নথিপত্র এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে।

সচিব আরও বলেন, ‘এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে। নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।’

সচিব আখতার আহমেদ জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন সচিব। তিনি বলেন, ‘প্রতিদিন নতুন খবর তৈরি করা যায় না। তবে আমরা নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি।’

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন