Logo

জাতীয়

দায়িত্ব পালনকালে ৫৫ বছরে ৪৯ ফায়ার ফাইটারের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

দায়িত্ব পালনকালে ৫৫ বছরে ৪৯ ফায়ার ফাইটারের মৃত্যু

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দেশের মানুষের জান-মাল রক্ষায় অন্যতম সাহসী একটি প্রতিষ্ঠান। দুর্যোগ, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা উদ্ধার তৎপরতা যে কোনো সংকটময় মুহূর্তে জীবন বাজি রেখে এগিয়ে আসেন ফায়ার ফাইটাররা। 

তবে দায়িত্ব পালন করতে গিয়েই এ পর্যন্ত বহু প্রাণ হারিয়েছেন তারা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত অপারেশনাল কার্যক্রমে ফায়ার সার্ভিসের মোট ৪৯ জন সদস্য শহীদ হয়েছেন।

প্রথম শহীদ সদস্য হলেন- সাব-স্টেশন অফিসার সাত্তার ভূঁইয়া, যিনি ২০ মার্চ ১৯৬৬ সালে নারায়ণগঞ্জে অপারেশন চলাকালে প্রাণ দেন। এরপর মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে টাঙ্গাইল, চট্টগ্রাম, নওগাঁ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকালে আরও অনেকে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

শহীদদের মৃত্যুর কারণগুলোও ভিন্ন ভিন্ন। কেউ বিদ্যুৎস্পৃষ্ট, কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ অগ্নিকাণ্ডে, আবার কেউ উচ্ছৃঙ্খল জনতার হামলায় প্রাণ হারিয়েছেন। অনেক ক্ষেত্রে উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে ভবন ধস বা আগুনের বিস্ফোরণজনিত কারণে ফায়ারফাইটারদের জীবন দিতে হয়েছে।

২০২২ সালের ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একসাথে ১৩ জন ফায়ারফাইটার শহীদ হন। এটি ফায়ার সার্ভিসের ইতিহাসে সবচেয়ে বড় একক দুর্ঘটনা। দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই আত্মত্যাগ গোটা জাতিকে শোকস্তব্ধ করে দিয়েছিল।

২৪ জুলাই ২০২৩ নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে এক ড্রাইভার প্রাণ হারান। ২৮ মে ২০২৪ গোপালগঞ্জের খোকসাল এলাকায় ঘূর্ণিঝড়ে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফায়ারফাইটার মারা যান। ২৬ ডিসেম্বর ২০২৪ রাজধানীতে ট্রাকচাপায় আরেক সদস্য নিহত হন।

সর্বশেষ, ২৩ সেপ্টেম্বর ২০২৫ টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার শামীম আহমেদ অপারেশনাল দায়িত্ব পালনকালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

এদিকে গেল ১০ বছরে নিহত হয়েছেন ২৪ জন। আহত হয়েছেন ৩৮৬ জন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মহাপরিচালকের সিনিয়র স্টাফ অফিসার ও মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, প্রতিটি শহীদ সদস্যের আত্মত্যাগ নতুন প্রজন্মের ফায়ারফাইটারদের দায়িত্বশীল ও সাহসী হতে অনুপ্রাণিত করে। তাদের স্মরণে প্রতি বছর নানা কর্মসূচি পালন করা হয়।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন