ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৭
ছবি : বাংলাদেশের খবর
টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদপন্থী ও যোবায়েরপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত সোয়া ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে আমিরুল ইসলাম বাচ্চু (৭০), ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০), বগুড়ার তাজুল ইসলাম (৭০)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বাংলাদেশের খবরকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহতরা হলেন- আ. রউফ (৫৫) বি বাড়িয়া, মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ, আ. হান্নান (৬০), জহুরুল ইসলাম (৩৮) টঙ্গী, আরিফ (৩৪) গোপালগঞ্জ, ফয়সাল (২৮) সাভার, তরিকুল (৪২) নরসিংদী, সাহেদ (৪৪) চট্টগ্রাম, উকিল মিয়া (৫৮) নরসিংদী, পান্ত ( ৫৫) টঙ্গী, খোরশেদ আলম (৫০), বেলাল (৩৪) কেরানীগঞ্জ, আনোয়ার (৫০) নারায়ণগঞ্জ, আবু বক্কর (৫৯) নারায়ণগঞ্জ, আরিফুল ইসলাম (৫০), আনোয়ার (২৬) সাভার, আনোয়ার (৭৬) নোয়াখালী সদর, ফোরকান আহমেদ (৩৫), সাতক্ষিরা, আ.রউফ (৫৫) বি বাড়িয়া, মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ, আ. হান্নান (৬০) গাজীপুর, জহুরুল ইসলাম (৩৮) টঙ্গী, সাহেদ (৪৪) চট্টগ্রাম।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এসময় ময়দানের ভেতর থেকে যোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পালটা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
ডিআর/এনকে/এমএম/এসবি

