‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’এর জন্য মনোনয়ন আহ্বান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২
ছবি : সংগৃহীত
সরকার ঘোষিত দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনয়ন আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রস্তাব জমা দেওয়ার সুযোগ থাকবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব এ. বি. এম. সাদিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের ৪ সেপ্টেম্বরের চিঠির আলোকে এ মনোনয়ন আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন প্রস্তাবের হার্ডকপি প্রশাসন-১ শাখায় এবং সফটকপি ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা/জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থা সবাই এ সম্মাননা পেতে পারে।
এদিকে মনোনয়নে সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২ অধিশাখার উপসচিবের কাছে পাঠাতে বলা হয়েছে। এছাড়া সফটকপি পেনড্রাইভে বা ই-মেইলে (adc2s@cabinet.gov.bd) পাঠানো যাবে।
স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশিকা-২০২৪ এবং প্রস্তাবিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য-ছক পূরণপূর্বক জমা দিতে হবে। প্রয়োজনীয় তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট www.cabinet.gov.bd থেকে পাওয়া যাবে।
এসআইবি/এএ

