Logo

জাতীয়

ভোটার নিবন্ধনে প্রবাসীরা ৭ থেকে ১০ দিন সময় পাবেন : ইসি সানাউল্লাহ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১

ভোটার নিবন্ধনে প্রবাসীরা ৭ থেকে ১০ দিন সময় পাবেন : ইসি সানাউল্লাহ

ছবি : বাংলাদেশের খবর

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্দিষ্ট প্রতিটি অঞ্চলে নিবন্ধনের জন্য ৭ থেকে ১০ দিন সময় দেওয়া হবে। 

এজন্য অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। প্রবাসীদের জন্য আলাদা একটি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যা নভেম্বরের তৃতীয় সপ্তাহে চালু করা হবে। প্রয়োজনে অতিরিক্ত ৩ থেকে ৭ দিন সময় রাখা হবে, যাতে বেশিসংখ্যক প্রবাসী নিবন্ধনের সুযোগ পান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আউট অফ কান্ট্রি (ওসিভি) বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সাথে অনলাইনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, যারা ইতোমধ্যেই জাতীয় পরিচয়পত্রধারী, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। তবে বিদেশে থেকে ভোট দিতে হলে আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। নিবন্ধন শেষে প্রবাসী ভোটারদের কাছে প্রতীক–সম্বলিত ব্যালট পাঠানো হবে। ভোটের দিন মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে তারা প্রার্থী তালিকা দেখতে পারবেন। এরপর নির্ধারিত ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে ফেরত পাঠাতে হবে।

তিনি বলেন, ‘প্রবাসীদের কোনো চার্জ দিতে হবে না। তবে সরকারের খরচ হবে প্রতিটি ভোটে প্রায় ৭০০ টাকা।’

নির্বাচন কমিশনার আরও জানান, বিশ্বব্যাপী প্রবাসী ভোটের প্রচলিত পদ্ধতি হলো ইন-পারসন ভোটিং ও পোস্টাল ব্যালট। অনলাইন ভোটিং এখনো সীমিত পর্যায়ে চালু আছে। বাংলাদেশ আপাতত পোস্টাল ব্যালট ব্যবস্থাই বাস্তবায়ন করবে। প্রক্সি ভোটিং রাজনৈতিক দলগুলোর সমর্থন না পাওয়ায় তা বাদ দেয়া হয়েছে।

গ্লোবাল অভিজ্ঞতার কথা উল্লেখ করে সানাউল্লাহ বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পোস্টাল ব্যালটে নিবন্ধনের হার মাত্র ২.৭ শতাংশ, আর ভোট সংগ্রহের হার ৩০ শতাংশের নিচে। তারপরও বাংলাদেশের প্রবাসীরা তুলনামূলকভাবে বেশি আগ্রহ দেখাচ্ছেন। “আমাদেরও প্রত্যাশা সীমিত রাখতে হবে, তবে শুরুটা করতে হবে যে স্কেলেই হোক না কেন,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘পোস্টাল ব্যালট ব্যবস্থায় দুটি বড় চ্যালেঞ্জ থাকবে। একটি হলো ভোটের গোপনীয়তা রক্ষা করা এবং অন্যটি হলো আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হলে বিদেশ থেকে আসা ভোট বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি। এছাড়া আন্তর্জাতিকভাবে ডাকযোগে ব্যালট পৌঁছার ব্যর্থতার হার প্রায় ২৪ শতাংশ।’

বক্তব্যের শেষে কমিশনার প্রবাসীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা চাই প্রবাসীরা শুধু আজ নয়, আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন। যাতে শুরুতেই আমরা ব্যর্থ না হই।’

এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন