রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি চালু হচ্ছে বৃহস্পতিবার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
দেশের সকল থানায় মিলছে অনলাইন জিডি সেবা। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে রেলওয়ে পুলিশের ৬টি জেলার ২৪টি থানাতেও অনলাইন জিডি কার্যক্রম চালু হচ্ছে। এর মাধ্যমে দেশের সব থানা একযোগে অনলাইন জিডি সেবার আওতায় আসছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এ উদ্যোগ নিয়েছে। ফলে নাগরিকরা আর থানায় গিয়ে জিডি করার ঝামেলায় পড়বেন না; ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করা যাবে।
তিনি আরও বলেন, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি (Online GD)” অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এছাড়া রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো অসুবিধা হলে ২৪ ঘণ্টা চালু হটলাইন ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করার সুযোগ থাকছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে ও সহজে সেবা পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এনএমএম/এমআই

