ছবি : সংগৃহীত
আদালতের আদেশে অবশেষে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় যুক্ত হলো বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে দেওয়া রায় ও আদেশের আলোকে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হলো। দলটির প্রধান কার্যালয় রাজধানীর নয়াপল্টনের ৮৫/১ নম্বর মসজিদ গলির তৃতীয় তলায় অবস্থিত। নিবন্ধনের পর দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস।
এ নিয়ে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫২ (আওয়ামী লীগসহ)।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা, শর্ত প্রতিপালন না করা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। এসব দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।
সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফেরত দেওয়া হলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন কার্যকর করেছে। এবার লেবার পার্টি যুক্ত হওয়ায় নিবন্ধিত দলের তালিকায় নতুন মাত্রা যোগ হলো।
- এসআইবি/এমআই

