জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব করেছি। আমাদের জরিপেও দেখা গেছে বেশির ভাগ মানুষ এই নির্বাচন চায়। স্থানীয় সরকারের ভোট কেন হলো না? এটা আমারও অভিযোগ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক সেমিনারে বদিউল আলম এ অভিযোগ করেন। ‘বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব? পূর্ব এশিয়া থেকে কিছু শিক্ষা এবং স্থানীয় সরকার সংস্কার ও অন্যান্য কমিশনের প্রতিবেদন সম্পর্কে চিন্তাভাবনা’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম।
বদিউল আলম বলেন, স্থানীয় সরকারের ভোট কেন হলো না, এটা আমারও অভিযোগ। এটা এ দেশের অধিকাংশ মানুষের অভিযোগ। আমি নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। আমরা প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব করেছি। আমাদের জরিপেও দেখা গেছে বেশির ভাগ মানুষ এই নির্বাচন চায়।
তিনি আরও বলেন, আপনারা জানেন কেন তা হয় নাই। আমাদের জাতীয় নির্বাচন করতে হবে, এই নির্বাচন করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে- এ ধরনের অভিযোগ। যদিও তা সত্য নয়। শুধু তাই নয়, আমাদের নির্বাচন কমিশনও বাধ সেধেছে। তারা বলেছে, আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চিন্তা করতে চাই না। জাতীয় নির্বাচন নিয়ে কাজ করতে চাই।
বদিউল আলম জানান, এ নির্বাচন না হওয়ার পেছনে রাজনীতিবিদদেরও অবশ্য উদ্দেশ্য আছে। কারণ যারাই ক্ষমতায় আসবেন, পরে তারা স্থানীয় সরকার নির্বাচন করবেন। সেখানে অতীতে কী হয়েছে তা জানা। এসব কারণে দুর্ভাগ্যবশত বিষয়টি নিয়ে কথা বলাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তিনি সোচ্চার ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তাদের কথাগুলো বিরোধীদের উচ্চকণ্ঠের কাছে বিলীন হয়ে গেছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদ প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে কেন স্থানীয় সরকার নির্বাচন দিল না? আমার কাছে যে জিনিসটা রহস্য মনে হয়- ৫ আগস্টের পর যখন স্থানীয় সরকারের সবাই পালিয়ে গেল; চেয়ারম্যান, কাউন্সিলর নেই; জন্ম নিবন্ধন, ডেথ সার্টিফিকেটসহ নানা স্থানীয় সেবা দিতে হয়; সব কিছু ভেঙে গেলো, তখন তিন মাসের মধ্যে নির্বাচন করে কেন একটা নতুন স্থানীয় সরকার হলো না?
তিনি আরও বলেন, বর্তমান কাঠামোর মধ্যেও নির্বাচন হলে রাজনৈতিক দলের সংসদ সদস্যদের জমিদারি তো থাকতো না। নির্বাচিত প্রতিনিধিরা সেবা দিতে বাধ্য হতো। কোনো একটা উদাহরণ দাঁড়াতো। পুরাতন রাজনৈতিক দল সেটা চায় না। শুধু ছাত্ররা ক্ষীণ কণ্ঠস্বরে বলছে, আমরা স্থানীয় সংসদ নির্বাচন কেন করবো না আগে?
মনজুর আহমেদ জানান, পুরোনো রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন করে ক্ষমতায় যেতে। তাদের স্থানীয় জমিদারিটি আবার নতুন করে চালু করতে। বিকেন্দ্রিকরণ করতে রাজনৈতিক অর্থনীতি কোথায়? এ প্রশ্ন তোলা উচিত। বিকেন্দ্রিকরণ করার ইচ্ছাটি কোথায়? বর্তমান সরকার সেটিকে সহযোগিতা দিচ্ছে বলে মনে হচ্ছে না। ঐকমত্যের আলোচনায়ও বিষয়গুলো নেই।
ডিআর/এমবি

