বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। ছবি : বাংলাদেশের খবর
চলতি বছর সারাদেশে ৩৩ হাজর ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক মতবিনিময়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।
সংগঠনটির তথ্য অনুযায়ী, গত বছর সারাদেশে ৩১ হাজর ৪৬১টি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসাবে, এ বছর ১ হাজার ৮৯৪টি পূজা বেশি হবে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব লিখিত বক্তব্যে জানান, এ বছর ঢাকায় ২৫৯টি পূজা হবে। গত বছর এ সংখ্যা ছিল ২৫২টি। অর্থাৎ এবার ঢাকায় সাতটি পূজা বেশি হচ্ছে।
লিখিত বক্তব্যে পূজার সূচিও তুলে ধরা হয়। এতে বলা হয়, শনিবার বোধন, রোববার মহাষষ্ঠী, সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। দশমীর দিন বিকেল ৩টায় ঢাকাসহ সারাদেশে বিজয়ার শোভাযাত্রা বের হবে। এ বছর দেবীর আগমন গজে, গমন দোলায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের কথাও জানান নেতারা। তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। সেখানে পূজা আয়োজনের নিরাপত্তাসহ নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। দুই উপদেষ্টাই নির্বিঘ্নে পূজা আয়োজনের আশ্বাস দিয়েছেন। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তারা।
এসআইবি/এমবি

