নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ বিশ্ব নেতাদের ওয়াকআউট
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠার পরপরই বাংলাদেশসহ বহু দেশের কূটনীতিক প্রতিনিধি ওয়াকআউট করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অধিবেশন কক্ষের পোডিয়ামে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্য দেওয়া সময় বাংলাদেশের প্রতিনিধির আসনও ফাঁকা দেখা যায়।
নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিভিন্ন দেশের কূটনীতিকরা অধিবেশন কক্ষ ত্যাগ করলে দর্শক সারিতে বসা তার সমর্থকেরা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। নেতানিয়াহুর ভাষণ শুরুর আগে সাধারণ পরিষদের সভাপতি সকল প্রতিনিধিকে শান্ত থাকার আহ্বান জানান।
ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিছক ‘পাগলামি’। আমরা তা কখনো হতে দেব না। তিনি বিভিন্ন দেশ ফিলিস্তিনকে যে স্বীকৃতি দিয়েছে, তাকে ‘মর্যাদাহানিকর’ বলেও মন্তব্য করেন।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘ ইস্যুটির দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। কেবল ১৯৬৭ সালের পূর্বের সীমারেখা ফিরিয়ে নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থিতিশীল, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি। কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি। কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ংকর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি— চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি, অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে।
ড. ইউনূস বলেন, সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
এমবি

