সারাদেশে ২ হাজার ৮৫৭ পূজামণ্ডপে বিজিবির নিরাপত্তা বলয়। ছবি : বাংলাদেশের খবর
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে রাজধানীসহ সারাদেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য।
বিজিবির নিরাপত্তার আওতাধীন পূজামণ্ডপগুলোর মধ্যে সীমান্তবর্তী এলাকায় রয়েছে ১ হাজার ৪১১টি পূজামণ্ডপ। এর মধ্যে সীমান্তবর্তী ৮ কিলোমিটারের ভেতরে এবং পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ।
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪৪১টি পূজামণ্ডপ; চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি পূজামণ্ডপ এবং দেশের অন্যান্য অঞ্চলে রয়েছে ৩১১টি পূজামণ্ডপ।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, পূজা চলাকালে বিজিবি ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে। সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করছে বিজিবি।
তিনি জানান, দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।
এনএমএম/এমবি

