কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও প্রবাসী ভোটকে চ্যালেঞ্জ মনে করছে ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২
ইসি সচিব আখতার আহমেদ। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও প্রবাসী ভোটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মকর্তাদের সম্মেলনে এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও প্রবাসীদের ভোটগ্রহণ একটি বড় চ্যালেঞ্জ। রাতারাতি সবকিছুর উন্নয়ন হবে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এ সময় বদলির ক্ষেত্রে তদবির না করার আহ্বান জানিয়ে ইসি সচিব আরও বলেন, ‘সবকিছুতে সুবিধা-অসুবিধা থাকবে। কিন্তু কেউ যেন ব্যক্তিগত তদবির না করেন।’
সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআইবি/এমবি

