ভোটের নামে প্রহসনই জুলাই অভ্যুত্থানের কারণ : ইসি সানাউল্লাহ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : বাংলাদেশের খবর
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, টানা ভুয়া ও প্রহসনের নির্বাচনের কারণে জুলাই অভ্যুত্থান ঘটেছে। আইন অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়ে তিনি বলেন, পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হবে না, কর্মকর্তারাও তা করবেন না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মকর্তাদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সানাউল্লাহ বলেন, ‘জুলাই হয়েছে পঁচা নির্বাচনের জন্য। নির্বাচনের নামে প্রহসনই এর মূল কারণ। আমরা পক্ষপাতমূলক, দুষ্টু নির্বাচনের নির্দেশনা দেব না। আপনারাও দেবেন না। দিলে দায় আপনাদের নিতে হবে।’
তিনি আরও বলেন, ভোটার তালিকা প্রণয়নে নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় কম। বিয়ে, ধর্মীয় অনীহা ও সামাজিক নানা কারণে অনেক নারী ভোটার হতে চান না। এ বিষয়ে আরও সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।
মৃত ভোটার কর্তনের ক্ষেত্রে শুধু বাড়ি-বাড়ি কাজ করলেই হবে না বলে উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকারসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানান। রংপুর-নীলফামারীসহ কয়েকটি এলাকায় বিদেশি নাগরিক ভোটার হিসেবে পাওয়া যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এনআইডি সংক্রান্ত ভোগান্তি ও দালালচক্রের সুযোগ নেওয়ার বিষয়েও সতর্ক করে তিনি বলেন, মাঠ পর্যায়ে তদন্ত করে সংশোধনের সুযোগ দিতে হবে। অযৌক্তিক বা পরিকল্পিত ভোগান্তি কোনোভাবেই সহ্য করা হবে না।
প্রবাসে ভোটার কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘শুধু প্রবাস ভ্রমণের জন্য ভোটার কার্যক্রম চালানো যাবে না। এজন্য কর্মকর্তার সংখ্যা কমানো হয়েছে। ব্যয় কমাতে হবে, তবে যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই ব্যয় করা হবে।’
তিনি আরও জানান, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে অনার্স, মাস্টার্স ও গবেষণা প্রোগ্রাম চালুর উদ্যোগ নিতে হবে।
সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআইবি/এমবি

