Logo

জাতীয়

দুর্গাপূজায় পুলিশের নিরাপত্তা পরামর্শ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২

দুর্গাপূজায় পুলিশের নিরাপত্তা পরামর্শ

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজারীদের প্রতি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

পরামর্শ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনার ব্যাপারে উত্তেজনা প্রশমনের ব্যবস্থা নিতে হবে। সত্যতা যাচাইয়ের জন্য সময় নিন। অনেক ঘটনাই শেষে গুজব বলে প্রমাণিত হয়।

পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করুন। পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকুন। পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন করুন। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন করুন।

পূজামণ্ডপে ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন এবং সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইটের ব্যবস্থা রাখুন।

পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করুন। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লিখিত আর্ম ব্যান্ড প্রদান করুন। পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকুন।

পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন।

প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করুন।

প্রয়োজনে পুলিশের সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম : ০২২-২৩৩৮০৬৬১, ০২২-২৩৩৮১৯৬৭, ০১৩-২০০০১২৯৯, ০১৩-২০০০১৩০০;

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কন্ট্রোল রুম : ০২২-২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০;

ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম : ০২৯-৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯;

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কন্ট্রোল রুম : ০১৭৭৭৭২০০২৯;

ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম : ০২২-২৩৩৫৫৫৫৫, ০১৭১-৩০৩৮১৮১, ০১৭১-৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।

জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগের জন্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) থেকে নম্বর সংগ্রহ করুন।

যেকোনো প্রয়োজনে দিনরাত ২৪ ঘন্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে কল করুন।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন