নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০
নির্বাচন ভবনে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে শিগগিরই একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, পর্যবেক্ষকরা সবাই একসঙ্গে আসবেন না। তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে তারা বাংলাদেশে আসবেন এবং ভোটকেন্দ্র, গোপন কক্ষ ও ভোট গণনার সময় পর্যবেক্ষণের সুযোগ চাইবেন।
সিনিয়র সচিব আরও জানিয়েছেন, ইইউ প্রতিনিধিরা কমিশনের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট হয়েছেন। ইতোমধ্যে তারা রংপুর ও চট্টগ্রামে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এছাড়া ভোটের ফলাফল প্রকাশের পদ্ধতি, ওয়েবসাইটে তথ্য প্রকাশসহ নানা বিষয়েও খোঁজ নিয়েছেন।
আখতার আহমেদ বলেন, ‘উনারা আমাদের একটি ড্রাফট দিয়েছেন। সেটি আমরা পর্যালোচনা করে চূড়ান্ত সাইনিংয়ের দিকে এগোবো। আমাদের কোনো পর্যবেক্ষণ থাকলে তাদের জানাবো।’
এসআইবি/এমএইচএস

