তৈরি পোশাক কারখানায় কর্মরত নারীদের দুই-তৃতীয়াংশের বাল্যবিবাহ : আইসিডিডিআরবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮
ছবি : বাংলাদেশের খবর
দেশের পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে প্রতি ৩ জনের মধ্যে ২ জনের বাল্যবিবাহ হয়। তাদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ ১৮ বছরের আগেই গর্ভধারণ করেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে আয়োজিত ‘পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার’ শীর্ষক সেমিনারে এই ফলাফল প্রকাশ করা হয়।
গবেষণা অনুযায়ী, পোশাক শ্রমিকদের প্রায় এক-তৃতীয়াংশ অন্তত একবার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রতি ৪ জনের ১ জন গর্ভপাতের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।
গবেষণা দলের প্রধান ড. রুচিরা তাবাসসুম নভেদ বলেন, ‘অর্থনৈতিকভাবে তুলনামূলক এগিয়ে থাকলেও পোশাক কারখানায় কর্মরত নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য–সংক্রান্ত অবস্থা দেশের অন্যান্য নারীর চেয়েও খারাপ। এ জন্য সরকার, উন্নয়ন সংস্থা ও অংশীদারদের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।’
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পপুলেশন কাউন্সিল বাংলাদেশের সাবেক পরিচালক ড. উবাইদুর রব, বিকেএমইএ এর যুগ্ম সম্পাদক ফারজানা শারমিন এবং মেরি স্টোপস বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক ইয়াসমিন এইচ আহমেদ।
এসআইবি/এএ

