দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলায় গ্রেপ্তার ১৯
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯
ছবি : বাংলাদেশের খবর
সারাদেশে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আইজিপি বলেন, ঘটনাগুলো বিচ্ছিন্ন প্রকৃতির, বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছে।
ঘটনাগুলোর মধ্যে রয়েছে- পূজামণ্ডপে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে যাওয়া বা ভেঙে পড়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে প্রতিমা ক্ষতিগ্রস্ত হওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াতকর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়া।
চট্টগ্রামে জামায়াতকর্মী পরিচয়ে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
আইজিপি বাহারুল আলম আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো সুযোগ আমরা দেব না। পূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারিতে কাজ করছে পুলিশ।
এমবি

