Logo

জাতীয়

বিতর্কিত নির্বাচন তদন্ত কমিশনে ইসির ৩ কর্মকর্তা সংযুক্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫১

বিতর্কিত নির্বাচন তদন্ত কমিশনে ইসির ৩ কর্মকর্তা সংযুক্ত

বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে ওঠা অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের ১৩ আগস্টের স্মারক অনুযায়ী ৪ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। এর মধ্যে ৩ জন কর্মকর্তাকে স্থায়ীভাবে তদন্ত কমিশনে সংযুক্তির অনুরোধ জানানো হলেও পরবর্তীতে তাদের পরিবর্তে নতুনভাবে তিন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে।

প্রথমে প্রস্তাবিত কর্মকর্তারা ছিলেন- নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও উপসচিব মোহাম্মদ এনামুল হক। তবে পরবর্তীতে তাদের পরিবর্তে নতুন যাদের সংযুক্ত করা হয়েছে তারা হলেন- উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ নির্বাচন এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিতর্ক ও অভিযোগ ওঠে।

• দশম নির্বাচন (২০১৪) : ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বিএনপি এ সংসদকে আখ্যা দেয় ‘বিনা ভোটের সংসদ’।

• একাদশ নির্বাচন (২০১৮) : বিএনপি অংশ নিলেও ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। নির্বাচনটি পরিচিত হয় ‘রাতের ভোট’ নামে।

• দ্বাদশ নির্বাচন (২০২৪) : বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে আওয়ামী লীগ শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয়। প্রতিদ্বন্দ্বিতা হয় মূলত আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে। নির্বাচনটি পরিচিতি পায় ‘ডামি নির্বাচন’ হিসেবে।

তদন্ত কমিশনটি The Commissions of Inquiry Act, 1956-এর আওতায় গঠিত হয়েছে। কমিশনের দায়িত্ব হলো- অতীত নির্বাচনে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করে ভবিষ্যতের নির্বাচনি প্রক্রিয়া আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন