Logo

জাতীয়

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে : ড. ইউনূস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে : ড. ইউনূস

ছবি : সংগৃহীত

যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। তারা একটি দল হিসেবে বৈধ। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আ.লীগের কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ। কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।’ 

প্রধান উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে—এটা আমি মানি না। তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে। তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।’  

ড. ইউনূস বলেন, ‘আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্যকে দোষারোপ করেছে।’ 


অন্যদিকে অন্তর্বর্তী সরকার ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে কেন ১৮ মাস সময় লাগছে? জিটিওকর সাংবাদিক মেহদি হাসানের এ প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘আপনি বলছেন আমরা কেন নির্বাচন দিতে অনেক সময় নিচ্ছি, অনেক মানুষ তো বলছে ৫ বছর ক্ষমতায় থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। মানুষ এই ধরনের কথা বলছে। তারা বলছে আপনি ক্ষমতায় থাকুন। নির্বাচনের কি দরকার?’

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড. ইউনূস প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন