পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি তরুণ নিহত, গ্রেপ্তার ১
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩০
ছবি : সংগৃহীত
পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক–ই–তালেবানে (টিটিপি) যোগ দিয়ে সেনা অভিযানে বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন (২২) নিহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, টিটিপির সংশ্লিষ্টতা সন্দেহে আমরা এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ তথ্য দেন।
আইজিপি জানান, গত ১ বছরে অন্তত ৪ বাংলাদেশির টিটিপিতে যোগ দিয়ে পাকিস্তানে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সর্বশেষ ফয়সালের মৃত্যুর খবর পাওয়া যায়।
তিনি বলেন, ‘কয়েক মাস আগে সাভার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ওমরাহ করতে গিয়ে পাকিস্তানে যান। সেখানে এক পাকিস্তানি বন্ধুর মাধ্যমে টিটিপিতে যুক্ত হন। যদিও তার দাবি, তিনি যুদ্ধে অংশ নেননি, দেশে ফিরে এসেছেন। কিন্তু গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি আটক আছেন এবং অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) বিষয়টি তদন্ত করছে।’
বাহারুল আলম আরও জানান, সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গেছে, টিটিপির হয়ে একজন বাংলাদেশি ড্রোন অপারেটর হিসেবেও কাজ করছিলেন এবং তিনি নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পাকিস্তানে নিহত ফয়সাল হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে। তার পরিবার জানতো, ফয়সাল দুবাইয়ে গেছেন। তার পাকিস্তানে গিয়ে টিটিপিতে যোগ দেওয়া এবং সেনা অভিযানে নিহত হওয়ার খবর কোনোভাবেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
আইজিপি বলেছেন, ‘দেশের ভেতর থেকে কেউ যদি এ ধরনের উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।’
এনএমএম/এএ

