Logo

জাতীয়

দুস্থ রোগীদের সেবায় সমন্বিত কার্যক্রম জোরদারের উদ্যোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯

দুস্থ রোগীদের সেবায় সমন্বিত কার্যক্রম জোরদারের উদ্যোগ

ছবি : বাংলাদেশের খবর

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, ‘সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসংখ্য দরিদ্র ও অসহায় রোগীর জন্য আর্থিক সহায়তা, কাউন্সেলিং, ফলোআপ এবং পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে।’

তিনি বলেন, ‘রোগীরা চিকিৎসার পাশাপাশি মানসিক ও সামাজিক সহায়তারও প্রয়োজনীয়তা অনুভব করেন। অনেক সময় তারা আর্থিক অনটনের কারণে যথাযথ চিকিৎসা গ্রহণে ব্যর্থ হন। এ অবস্থায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ এ সেবাকে আরও সহজতর করবে।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবায় ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ জানান, সারাদেশে মোট ৫৩৮টি ইউনিটে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম চলছে। এর মধ্যে জেলা পর্যায়ে ১১৮টি ও উপজেলা পর্যায়ে ৪২০টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। নিবন্ধিত রোগীকল্যাণ সমিতির মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়িত হয়।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, ‘বছরে প্রায় ৩০০ কোটি টাকা ছয়টি রোগের চিকিৎসার জন্য বরাদ্দ থাকে। এর মাধ্যমে প্রায় ৬০ হাজার রোগীকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। জেলা ও উপজেলা পর্যায়ের আবেদনকারীরা শতকরা ৭৫ ভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সরাসরি আবেদনকারীরা শতকরা ২৫ ভাগ অনুদান পান।’

সভায় আরও জানানো হয়, বিভিন্ন গণঅভ্যুত্থানে আহত ২ হাজার ৬৩৭ জনকে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া রোগীকল্যাণ সমিতির কার্যক্রম সক্রিয় রাখা, যাকাতসহ অন্যান্য খাত থেকে আয় বৃদ্ধি, সেবার ক্ষেত্র সম্প্রসারণ, হাসপাতালসমূহে আলাদা কক্ষ বরাদ্দ এবং পর্যাপ্ত জনবল নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এসআইবি/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন