Logo

জাতীয়

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৭:৫৬

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এ লক্ষ্যে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, গণহত্যা শুরুর আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। কার্যকর কোনো উদ্যোগ না থাকায় সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে এবং আন্তর্জাতিক অর্থায়নও মারাত্মক ঘাটতিতে পড়েছে।

প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করে সহিংসতা বন্ধ ও দ্রুত প্রত্যাবাসন শুরু করার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ এই সংকটের বড় শিকার। সামাজিক, পরিবেশগত ও আর্থিকভাবে দেশকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। একইসঙ্গে রোহিঙ্গাদের মাধ্যমে মাদক পাচারসহ নানা অপরাধ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে।

তিনি প্রস্তাবিত সাত দফায় রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করে প্রত্যাবাসনের রোডম্যাপ প্রণয়ন, আন্তর্জাতিক সহায়তা ও পর্যবেক্ষণ নিশ্চিতকরণ, যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনায় অর্থদাতাদের সম্পৃক্তকরণ, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মাদক অর্থনীতি ভেঙে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক সুরক্ষা দিয়ে রাখা সম্ভব নয়। প্রত্যাবাসনে তুলনামূলক কম সম্পদ প্রয়োজন এবং রোহিঙ্গারা বরাবরই তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যেতে চেয়েছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ করে বলেন, এখনই সংকট সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার করতে হবে। বাংলাদেশ এ প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন