Logo

জাতীয়

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৫৫

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি (সংগৃহীত)

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেছেন। নয়দিনের এই সফরে তিনি ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

ইউনাইটেড এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রফেসর ইউনূস এবং তার ছোট দলের সদস্যরা স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১:১০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ খবর জানিয়েছেন।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। 

আগামী ২ অক্টোবর সকালে প্রফেসর ইউনূসের ঢাকায়  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি গত ২২ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রমে অংশগ্রহণ শুরু করেন এবং মঙ্গলবার অনুষ্ঠিত ‘রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক উচ্চস্তরের সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে সফর সমাপ্ত করেন।

সফরে প্রফেসর ইউনূসের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েব-এ-আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াতের যুক্তরাষ্ট্র মুখপাত্র মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ আরও অনেকে।

ডিআর/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন