Logo

জাতীয়

নিরাপদ সড়ক দিবসে ১২০০ কর্মসূচি পালন করবে নিসচা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৪:০৬

আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১৪:২৪

জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনটির দাবি, মতভেদ ভুলে সকল রাজনৈতিক দলকে সড়ক নিরাপত্তাকে আগামী নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় নিসচা। সেখানে জানানো হয়, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসজুড়ে সারাদেশে ১২০০ কর্মসূচি পালন করবে সংগঠনটি। এর মধ্যে রয়েছে রোড ক্যাম্পেইন, সচেতনতা কার্যক্রম, শিক্ষার্থী-শিক্ষক ও চালকদের প্রশিক্ষণ, হেলমেট বিতরণ, আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং তথ্যচিত্র প্রদর্শনীসহ নানা উদ্যোগ।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। তিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

নিসচার প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনা হ্রাস শুধু সরকারের দায়িত্ব নয়, এটি জাতীয় ঐক্যের বিষয়। জিডিপির প্রায় ২ শতাংশ অর্থনৈতিক ক্ষতি রোধ এবং এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি।’ তিনি কার্যকর আইন, বহুমুখি পরিবহন ব্যবস্থা ও ‘সেইফ সিস্টেম এপ্রোচ’ বাস্তবায়নের ওপর জোর দেন।

নিসচার নেতারা জানান, সরকার ইতোমধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তবে দ্রুত কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন না হলে পথচারীসহ সাধারণ সড়ক ব্যবহারকারীরা ঝুঁকির মুখে থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এস এম আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ রোকুজ্জামান রোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিসচার পক্ষ থেকে জানানো হয়, শুধু দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারাবছর জুড়ে চালক, যাত্রী, শিক্ষক-শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা কার্যক্রম চালানো হবে।

এমএএস/এমএইচএস/ওকেআর/এএইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন