ভাষা সংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে উদীচীর শোক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৪
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ভাষা আন্দোলন, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য পরিচিত ভাষা সংগ্রামী, লেখক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক শোকবার্তায় বলেন, আহমদ রফিক আজীবন অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার পক্ষে কাজ করেছেন। ভাষা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তিনি মানুষের পূর্ণ স্বাধীনতা ও মুক্তির পক্ষে সাহসী ভূমিকা রেখেছেন।
তাঁর সাহিত্যকর্মের মধ্যে কবিতা, প্রবন্ধ ও গবেষণা সহ শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রচর্চার ক্ষেত্রে তার অবদান দুই বাংলায় সমানভাবে শ্রদ্ধার আসন পেয়েছে।
নেতৃবৃন্দ জানান, আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং মানব মুক্তির লড়াইয়ে তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হবে।
এছাড়া শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি উদীচী গভীর সমবেদনা জানিয়েছে।

