শিশুদের হাসি নতুন বাংলাদেশের আশার প্রতীক : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের খবর প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:২৪
ফাইল ছবি
শিশুদের হাসি-খুশি মুখই নতুন বাংলাদেশের আশার প্রতীক উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ।
রোববার (৫ অক্টোবর) ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) সারাদেশে এ দিবস উদযাপিত হবে।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অঙ্গীকার হোক প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশের পূর্ণ সুযোগ নিশ্চিত করা।
তিনি জানান, শিশুদের সৎ, মমতাময় ও মুক্তচিন্তার পরিবেশে বড় হতে দিলে তারা আগামী দিনে হবে যোগ্য নাগরিক— যারা বিজ্ঞান, শিল্প-সাহিত্য, প্রযুক্তি, ক্রীড়া ও নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
তবে দারিদ্র্য, শিশুশ্রম, সহিংসতা ও বৈষম্যের মতো চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ। তবেই শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।
প্রফেসর ইউনূস বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ‘বিশ্ব শিশু দিবস-২০২৫’ আমাদের নতুন প্রতিজ্ঞায় উজ্জীবিত করবে, যাতে প্রতিটি শিশু নিরাপদ ও সৃজনশীল পরিবেশে বেড়ে ওঠে। শিশুদের জন্য একটি আলোকিত আগামী গড়াই হবে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।
প্রধান উপদেষ্টা ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
ডিআর/এমএইচএস

