Logo

জাতীয়

নির্বাচনে ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা হবে : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:২০

নির্বাচনে ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা হবে : সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ তথ্য জানান। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য আমরা সবাইকে সঙ্গে নিতে চাই।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। যাদের মধ্যে অনেকেই অতীতে ভোট দিয়েছেন।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, প্রবাসী ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তাদের ভোটের ব্যবস্থাও করা হবে। এবার প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় আনা হবে। আমরা চাই, এ নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হোক।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সম্ভব নয়।

উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পৃথক সংলাপ করে নির্বাচন কমিশন। দুই দফায় প্রায় ৫০ জন সাংবাদিক সংলাপে অংশ নেন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন