শাপলা প্রতীকেই অনড় এনসিপি, ইসির ৫০ প্রতীক ফিরিয়ে দিচ্ছে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৫:১৩
নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো ৫০টি বিকল্প প্রতীকের তালিকা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, তারা শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকই চায়। সেই দাবিতে মঙ্গলবার (৭ অক্টোবর) পুনরায় ইসিতে চিঠি দেবে।
ইসির পক্ষ থেকে এনসিপিকে জানানো হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী শাপলা প্রতীক অনুমোদিত প্রতীকের তালিকায় নেই। তাই দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নিতে বলা হয়।
ইসির পাঠানো ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে- আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাঁপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
তবে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেন, নির্বাচন কমিশনের ৫০টি প্রতীকের তালিকা থেকে আমরা কোনো প্রতীক নেব না। আমরা আগের মতোই ‘শাপলা’ প্রতীকই চাইব এবং সে বিষয়ে চিঠি দেব।
ইসি সূত্র জানায়, এনসিপি নিবন্ধনের আবেদনপত্রে প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন— এ তিনটি প্রতীক চেয়েছিল। পরে তারা তা সংশোধন করে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা দেওয়ার আবেদন করে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা প্রতীক না থাকায়, কমিশন তা বরাদ্দ দিতে পারছে না।
এসআইবি/এমবি

