Logo

জাতীয়

শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৪

শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক

শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। উভয় দেশ এসব খাতে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী অ্যাম্বাসেডর বেরিস একিঞ্চির সৌজন্য সাক্ষাৎকালে এসব আলোচনা হয়।

অ্যাম্বাসেডর বেরিস একিঞ্চি বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ নতুন সূচনায় প্রবেশ করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ বহু খাতে তুরস্কের সঙ্গে কাজ করতে চাই।’ তিনি জুলাই বিপ্লবে আহত সাত বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যাম্বাসেডর একিঞ্চি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, ‘তুরস্ক সবসময় শিক্ষা খাতে বৃত্তি ও বিনিময় কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, বাংলাদেশের তুরস্কস্থ রাষ্ট্রদূত এম. আমানুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মো. মুশাররফ হোসেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন