Logo

জাতীয়

‘পুলিশ জবাবদিহিতা কমিশন ২০২৫’ চূড়ান্তে জরুরি সভা বৃহস্পতিবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

‘পুলিশ জবাবদিহিতা কমিশন ২০২৫’ চূড়ান্তে জরুরি সভা বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

জনবান্ধব, স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে ‘পুলিশ জবাবদিহিতা কমিশন ২০২৫ (খসড়া)’ চূড়ান্ত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় জরুরি সভা অনুষ্ঠিত হবে। 

বুধবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সভাটি অনুষ্ঠিত হবে মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে।

সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র জানায়, সভায় কমিশনের কাঠামো, এখতিয়ার, অভিযোগ গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া, এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে পুলিশ জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া কমিশনের স্বাধীনতা ও স্বচ্ছতা বজায় রাখার উপায়, এবং পুলিশি অনিয়ম বা নাগরিক হয়রানির অভিযোগ যাচাইয়ের জন্য একটি স্বতন্ত্র তদন্ত ইউনিট গঠনের প্রস্তাবও সভায় উত্থাপিত হতে পারে বলে জানা গেছে।

সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পুলিশ বাহিনীর প্রতি জন-আস্থা ও জবাবদিহিতা বাড়াতে এই কমিশন হবে একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কাঠামো, যা ভবিষ্যতে পুলিশ সংস্কার প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করবে।

এএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন