Logo

জাতীয়

নিবন্ধনপ্রত্যাশী ১০ রাজনৈতিক দলের তথ্য ফের যাচাই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:১৫

নিবন্ধনপ্রত্যাশী ১০ রাজনৈতিক দলের তথ্য ফের যাচাই

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দলগুলোর কার্যকারিতা ও মাঠপর্যায়ের উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন ওঠায় ফের মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ে নামছে ইসি।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীরের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, মাঠপর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের দাখিল করা আগের তদন্ত প্রতিবেদনে কিছু ক্ষেত্রে ‘অপূর্ণতা’ ও ‘যথাযথ মন্তব্যের ঘাটতি’ পাওয়া গেছে।

এ কারণে যাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে ১০টি রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ে ‘অস্তিত্ব ও কার্যকারিতা’ নিয়ে আরও গভীর তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যেসব দলের তথ্য পুনঃতদন্ত করা হবে, সেগুলো হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আমজনগণ পার্টি।

পুনঃতদন্তে ১০ অঞ্চলে একজন করে উপসচিব, সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জেলা ও উপজেলা পর্যায়ের মাঠতথ্য সংগ্রহ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

ইসি সূত্র জানায়, দলগুলোর অনেকেই কাগজপত্রে সক্রিয় সংগঠন হিসেবে দাবি করলেও বাস্তবে অনেক জেলা ও উপজেলায় তাদের কার্যক্রম নেই বা খুব সীমিত। এজন্য নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর বাস্তব উপস্থিতি নিশ্চিত করতে আবারও মাঠে যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কমিশন সূত্রে আরও জানা যায়, এই পুনঃতদন্তের পরই সিদ্ধান্ত নেওয়া হবে— কোন কোন দল নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে। তবে কবে নাগাদ তদন্ত শেষ হবে বা নতুন দল নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে, তা এখনও নির্ধারণ করেনি ইসি।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন