Logo

জাতীয়

সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি পাচ্ছেন ৬ পুলিশ সদস্য

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৮

সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি পাচ্ছেন ৬ পুলিশ সদস্য

চলতি বছরের মে ও জুন মাসে সারাদেশে পুলিশের বিভিন্ন অপারেশনাল কার্যক্রমে সাহসিকতা, পেশাদারিত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ছয়জন পুলিশ সদস্যকে রাষ্ট্রীয় পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের মধ্যে একজন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং পাঁচজন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

পদকপ্রাপ্তদের নাম
বিপিএম পদক : এএসআই (নিরস্ত্র) আতিক হাসান, পিপিএম পদক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই (নিরস্ত্র) এমদাদুল হক, মুন্সিগঞ্জ সদর থানার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক, গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান ও ডিএমপির কনস্টেবল সুজন আলী। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনীত সদস্যরা গত মে ও জুন মাসে দায়িত্ব পালনকালে অসাধারণ সাহস, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাদের এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও মানবিক সেবায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের প্রদান করা হয়। প্রতি বছর যোগ্যতা, সাহসিকতা ও কর্মনিষ্ঠার ভিত্তিতে এসব পদক দেওয়া হয়ে থাকে।

এনএমএম/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন